২১১২ কোটি টাকা ব্যয়ে আরো ৩ কার্গো এলএনজি কিনছে সরকারওষুধ শিল্পে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশাল কর ছাড়ের ঘোষণাকরমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করা হয়েছে২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ল্যাপটপ-কম্পিউটার ক্রয়ে থাকছে শুল্কমুক্ত সুবিধা২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাড়ছে সব স্তরের সিগারেটের দাম
No icon

যে কারণে দেশে কাঁচা চামড়ার দাম কম

দেশে এক দশক ধরে কোরবানির পশুর চামড়ার দাম কম। চলতি বছর কোরবানি হওয়া গরুর কাঁচা চামড়ার দাম অবশ্য গতবারের চেয়ে পিসপ্রতি ৫০-১০০ টাকা বেড়েছে। তারপরও একেকটি চামড়া সরকার নির্ধারিত দরের চেয়ে কমপক্ষে ২৭৫-৩০০ টাকা কমে বিক্রি হয়েছে।

দীর্ঘদিন ধরে কোরবানির পশুর চামড়ার দাম কম থাকার পেছনে সাতটি কারণ রয়েছে বলে মনে করেন কাঁচা চামড়ার ব্যবসায়ীরা। কারণগুলো হচ্ছে একসঙ্গে বিপুল পরিমাণে সরবরাহ; লবণের মূল্যবৃদ্ধি, ভ্যানভাড়া ও ঈদ বোনাস; ক্রেতার সংখ্যা হ্রাস পাওয়া ও বিপুল সংগ্রহ; ব্যবসায়ীদের তহবিল সংকট; ট্যানারিমালিকেরা সঠিকভাবে অর্থ দেন না; ট্যানারিমালিকদের সিন্ডিকেট এবং বাজার সিন্ডিকেট।

সরকারি সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) গত মাসে প্রকাশিত ‘বাংলাদেশের চামড়াশিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই গবেষণার জন্য আট বিভাগের আট জেলার ২২০ জন কাঁচা চামড়ার ব্যবসায়ীসহ কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকারী কোম্পানি এবং চামড়া পণ্য ও জুতা উৎপাদনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের মোট ৪০৩ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।