চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চার লাখ ৯৯ হাজার কোটি টাকা। অর্থবছরের মাঝপথে আরো ৫৫ হাজার কোটি টাকা বাড়িয়ে লক্ষ্যমাত্রা ধরা হয় পাঁচ লাখ ৫৪ হাজার কোটি টাকা। কিন্তু বড় লক্ষ্যমাত্রা অর্জন করতে গিয়ে বড় ধরনের হোঁচট খায় এনবিআর। প্রতি মাসেই রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার তুলনায় ক্রমেই পিছিয়ে পড়ে সংস্থাটি। গত ৯ মাসে (জুলাই-মার্চ) লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয় প্রায় এক লাখ কোটি টাকা। আদায়ে বড় ধরনের হোঁচট খেয়ে অবশেষে রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা কমিয়ে চার লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। যদিও কাগজে-কলমে লক্ষ্যমাত্রায় কোনো পরিবর্তন করা হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক সদস্য আমার দেশকে বলেন, অর্থবছর শেষে চার লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করতে চাই। এটি অর্জন করতে পারাটাও আমাদের সন্তুষ্টির কারণ হবে। তিনি বলেন, নতুন এ লক্ষ্যমাত্রা অর্জন করতে রাজস্ব আদায়ে ১৬ শতাংশের প্রবৃদ্ধি অর্জন করতে হবে। গত বছর রাজস্ব আহরণে তিন শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে এমন কোনো ম্যাজিক পরিবর্তন হয়নি যে, আরো বড় ধরনের রাজস্ব আহরণ সম্ভব হবে।
