→ পেনিনসুলার প্রয়াত উদ্যোক্তার স্ত্রীর নামে ৮৯,০৩,০১৬টি শেয়ার হস্তান্তর→ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা→ শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি→ শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩,৮৯,৭২৪টি শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন→ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে আমরা নেটওয়ার্কস
No icon

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা করতে না পারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মঙ্গলবার এ আদেশ দেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় করা মামলার তদন্ত শেষ করতে এ নিয়ে ৭৯ বার সময় নিল সিআইডি।

গত ৬ মে একই আদালত আজকের মধ্যে সিআইডিকে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ম্যানিলাভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টগুলোতে অন্তত আট কোটি ১০ লাখ ডলার স্থানান্তর করা হয়, যেখান থেকে তা ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে চলে যায়। ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা করেন।

এ পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে এক কোটি ৫০ লাখ ডলার পুনরুদ্ধার করেছে এবং শ্রীলংকার একটি ব্যাংকে পাঠানো আরও দুই কোটি ডলার পুনরুদ্ধার করেছে। চুরি যাওয়া অর্থ উদ্ধারে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক।