দেশের মানুষের হাতে সাশ্রয়ী দামে ডেটা-নির্ভর স্মার্টফোন পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে উৎপাদিত এসব স্মার্টফোনের দাম ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে রাখার পরিকল্পনা করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে বর্তমানে ফিচার মোবাইল ফোন ব্যবহারকারী বিপুলসংখ্যক মানুষকে ডেটা নেটওয়ার্কে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ‘পাওয়ারিং দ্য ফিউচার : রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেহান আসিফ বলেন, দেশে এখনো প্রায় ৫০ শতাংশ মোবাইল ব্যবহারকারী ফিচার ফোন ব্যবহার করেন। অর্থাৎ মোট মোবাইল গ্রাহক প্রায় ১৪ কোটি হলে এর অর্ধেক, প্রায় ৭ কোটি মানুষ এখনো ফিচার ফোন ব্যবহার করছেন। বর্তমান সময়ে এ পরিস্থিতির পরিবর্তন জরুরি। আপনারা (রবি) বাংলাদেশের সেরা ডেটা নেটওয়ার্ক তৈরি করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে ফিচার ফোন ব্যবহারকারী ৫০ শতাংশ মানুষকে উন্নত নেটওয়ার্কের আওতায় ডেটা মোবাইল ফোনে নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সহায়তা ও সহযোগিতা করার জন্য আমরা সবকিছু করব।
